শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

একাধিক মামলা ও বিতর্কের মাঝেই নতুন রেস্তরাঁ খুলছেন শিল্পা শেঠি

নিজস্ব প্রতিবেদক

একাধিক আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। সাম্প্রতিক সময়ে একের পর এক মামলার কারণে আলোচনায় রয়েছেন তিনি। শুধু ব্যক্তিগতভাবে নয়, তার মালিকানাধীন জনপ্রিয় রেস্তরাঁ ‘বাস্তিয়ান’-এর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মুম্বাইয়ের পাশাপাশি বেঙ্গালুরু শাখার বিরুদ্ধেও মামলা দায়ের হওয়ায় চাপের মুখে পড়েছে রেস্তরাঁ কর্তৃপক্ষ। তবে এসব বিতর্ক ও আইনি ঝামেলার মাঝেও নতুন একটি রেস্তরাঁ খোলার ঘোষণা দিয়েছেন শিল্পা শেঠি।

আইনি চাপে পড়লেও থেমে থাকার মানুষ নন শিল্পা। মুম্বাইয়ের একটি অভিজাত এলাকায় নতুন রেস্তরাঁ চালু করার কথা জানিয়েছেন তিনি। যে এলাকাতে নতুন রেস্তরাঁটি খোলা হচ্ছে, সেখানেই তার বহুল আলোচিত রেস্তরাঁ ‘বাস্তিয়ান’ অবস্থিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নতুন রেস্তরাঁ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান অভিনেত্রী।

ভিডিওতে শিল্পা শেঠি বলেন, “অপেক্ষা সার্থক হবে। এই রেস্তরাঁ আমি আমার সংস্কৃতির শিকড়কে উৎসর্গ করছি। এখানকার খাবারে ঘরের স্বাদ পাওয়া যাবে। পাশাপাশি ব্যাস্টিয়ানের জনপ্রিয় কিছু খাবারও এখানে রাখা হবে।” ভিডিওটি শেয়ার করে তিনি লেখেন, “রেস্তরাঁর দরজা খোলার জন্য প্রস্তুত। রান্নাঘরও তৈরি।” শিল্পা জানান, আগামী ১৯ ডিসেম্বর সকাল ১১টা থেকে নতুন রেস্তরাঁটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এবং অনুরাগীদের সেখানে আমন্ত্রণ জানান তিনি।

উল্লেখ্য, কয়েক দিন আগেই ‘বাস্তিয়ান পাব’-এ বিল পরিশোধকে কেন্দ্র করে প্রাক্তন ‘বিগ বস’ জয়ী সত্য নায়ডুর সঙ্গে বচসার ঘটনায় আলোচনায় আসে রেস্তরাঁটি। ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়ে কর্তৃপক্ষ। এরপর বেঙ্গালুরু শাখার বিরুদ্ধেও অভিযোগ ওঠে নির্ধারিত সময়ের পর রেস্তরাঁ খোলা রাখার বিষয়ে।

কর্নাটক রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে পাব ও রেস্তরাঁ বন্ধ রাখার বাধ্যবাধকতা রয়েছে। অভিযোগ রয়েছে, সেই নিয়ম লঙ্ঘন করেছে ‘বাস্তিয়ান’। এ ঘটনায় কর্নাটক পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করে। পাশাপাশি শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে প্রায় ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগও রয়েছে, যা নিয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান।

এতসব বিতর্ক ও মামলার মধ্যেও নতুন রেস্তরাঁ খোলার ঘোষণাকে কেন্দ্র করে ভক্ত ও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। এখন দেখার বিষয়, আইনি জটিলতার মাঝেও শিল্পার নতুন উদ্যোগ কতটা সফল হয়।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত