
গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’, স্বাধীনতা ও সার্বভৌত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ, বারবার হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের অবিসংবাদিত নেত্রী, মানুষের নাগরিক স্বাধীনতা, বাক্স্বাধীনতা ও ব্যক্তি স্বাধীনতা রক্ষায় আপোষহীন কিংবদন্তিতুল্য নেত্রী—দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টা ০০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি এই হৃদয়বিদারক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
দেশের জনগণ, দলের সর্বস্তরের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সবাইকে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।
শোক কর্মসূচি
ক) ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি ৭ (সাত) দিনব্যাপী শোক পালন করবে। খ) দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ ৩০ ডিসেম্বর ২০২৫ থেকে আগামী ১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত ৩ (তিন) দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ঘোষিত রাষ্ট্রীয় শোকের সময়ে দেশব্যাপী সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। গ) কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল দলীয় কার্যালয়ে ৭ দিনব্যাপী কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ঘ) দলের সকল স্তরের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। ঙ) প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য ৭ দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। চ) কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা পর্যায়ের দলীয় কার্যালয়গুলোতে শোকবহি খোলা হবে। ছ) মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সংক্রান্ত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
(অ্যাডভোকেট রুহুল কবির রিজভী)
সিনিয়র যুগ্ম মহাসচিব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি


