
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার নগরের হালিশহর ছোট পুল এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা-র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিম্নমানের মরিচ, মসলা, গুড় ও পোড়া তেল ব্যবহার করে জিলাপি, চানাচুর, তিলের টফি, বাদামের টফিসহ বিভিন্ন ধরনের শিশুখাদ্য প্রস্তুত করা হচ্ছে। এসব খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে মজুদও রাখা হয়েছিল।এ অপরাধে বাদশা ফুডস প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য আইনের আওতায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং খাদ্যের মান ও জনস্বাস্থ্যের সঙ্গে আপস করা হবে না।


