
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয়, সৌন্দর্য ও সোশ্যাল মিডিয়ায় সরব উপস্থিতির কারণে বিশেষ করে তরুণদের কাছে তিনি পাকিস্তানের ‘ক্রাশ’ হিসেবে ব্যাপক পরিচিত। ২০১৬ সালে ‘জানান’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেকের পর অল্প সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শীর্ষ তারকাদের কাতারে।বর্তমানে হানিয়া আমির নামটি মানেই আলোচনা। তবে এবার আলোচনার কেন্দ্রে তাঁর ব্যক্তিগত জীবন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি হালকা মন্তব্যই নতুন করে উসকে দিয়েছে বিয়ের গুঞ্জন। সত্যিই কি নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন হানিয়া, নাকি সবটাই নেটদুনিয়ার জল্পনা?
একই সঙ্গে প্রশ্ন উঠছে—কার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি? নেটিজেনদের একাংশের ধারণা, প্রাক্তন প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গেই আবারও সম্পর্কে জড়িয়েছেন হানিয়া এবং সেখান থেকেই এই বিয়ের গুঞ্জনের সূত্রপাত।সম্প্রতি হানিয়া আমিরের একটি ইনস্টাগ্রাম পোস্টে এক অনুরাগী মন্তব্য করেন, “তোমার বিয়ের গুঞ্জন শুনছি।” এর জবাবে অভিনেত্রী মজা করে লেখেন, “আমিও শুনছি।” হালকা চালে লেখা এই মন্তব্যই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা ও অনুমান।অনেকে মনে করছেন, এই মন্তব্যের মধ্যেই হয়তো লুকিয়ে আছে কোনো ইঙ্গিত। আবার অনেকে বলছেন, হানিয়া বরাবরের মতোই বিষয়টিকে হাসি-তামাশার ছলে নিয়েছেন, বাস্তবে এর কোনো ভিত্তি নেই।
উল্লেখ্য, ২০১৮ সালের দিকে জনপ্রিয় গায়ক আসিম আজহারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হানিয়া আমির। ২০১৯ সালে বিষয়টি প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে ভেঙে যায় তাদের সম্পর্ক। বিচ্ছেদের পর থেকে দুজনের ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময় গুঞ্জন শোনা গেলেও তারা কেউই তা নিশ্চিত করেননি।সম্প্রতি আবার শোনা যাচ্ছে, পুরনো সেই সম্পর্ক নাকি নতুন করে জোড়া লেগেছে। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত হানিয়া আমির কিংবা আসিম আজহার—কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।পেশাগত দিক থেকেও চলতি বছরটি বেশ সফল কেটেছে হানিয়া আমিরের। ‘সর্দার জি ৩’ সিনেমায় অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেই ব্যক্তিগত জীবন ঘিরে এমন গুঞ্জন তাঁর ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।


