
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নগরের ক্রীড়া উন্নয়ন ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামকে আধুনিকায়ন করে গড়ে তোলা হবে। মাঠ ও অবকাঠামোর প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে খেলোয়াড়বান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে।
সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত সিসিএস ক্লাব ক্লাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নেতৃত্ব, আত্মবিশ্বাস, পরিশ্রমী মানসিকতা ও ইতিবাচক জীবনবোধ গড়ে তোলে। কিন্তু দুঃখজনকভাবে চট্টগ্রাম নগরে মাঠে খেলার সুযোগ দিন দিন কমে যাচ্ছে। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা সমান গুরুত্ব পাওয়ার দাবি রাখে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা স্টেডিয়াম পরিদর্শন করে জানা গেছে এখানে বেশকিছু সংস্কার কাজ প্রয়োজন। এই স্টেডিয়ামকে আধুনিক ও যুগোপযোগী করতে যা যা করা প্রয়োজন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তা বাস্তবায়ন করা হবে। পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে খেলাধুলার সুযোগ বাড়ানো হচ্ছে।
গত ১৬ বছরে সমাজে কিশোর গ্যাং সংস্কৃতি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে মেয়র বলেন, তরুণদের জন্য মাঠভিত্তিক খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা গেলে তারা সহজেই সঠিক পথে এগিয়ে যাবে। কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয় রোধে খেলাধুলা কার্যকর ভূমিকা রাখতে পারে।
একজন স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ হিসেবে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, খেলাধুলা শুধু শারীরিক ফিটনেস নিশ্চিত করে না, বরং মানসিক দৃঢ়তা, মনোযোগ, কর্মক্ষমতা ও দলগত সমন্বয় বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষের মানসিক বিকাশের জন্য খেলার মাঠ অত্যন্ত প্রয়োজনীয়।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইতোমধ্যে মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্ক সংলগ্ন জাম্বুরি মাঠ, হালিশহর বিডিআর মাঠসহ বিভিন্ন মাঠে সংস্কার কাজ চলমান রয়েছে। বেশ কয়েকটি মাঠ ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং বাকি মাঠগুলো দ্রুত উদ্বোধনের প্রস্তুতি চলছে।
মেয়র আরও বলেন, বর্তমানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা, হৃদরোগ ও মানসিক চাপজনিত রোগের প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কর্মব্যস্ত জীবন ও শারীরিক পরিশ্রমের অভাব এর প্রধান কারণ। এই পরিস্থিতি থেকে উত্তরণে নিয়মিত খেলাধুলা ও সক্রিয় জীবনযাপনের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে সিজেকেএস ক্লাব সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরীর সভাপতিত্বে এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক আ.ন.ম ওয়াহিদ দুলালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম, সিজেকেএস ক্লাব সমিতির সহসভাপতি নজরুল ইসলাম লেদু, মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, মাহবুবুল আলম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীমসহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ, টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের প্রতিনিধি ও খেলোয়াড়রা।


