
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিকদের তৃতীয় দিনের কর্মসূচি চলছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে বন্দরের অভ্যন্তরীণ অপারেশনাল কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এর ফলে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং এবং বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এতে বন্দরের সার্বিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে।বারিক বিল্ডিং থেকে সল্টগোলা পর্যন্ত সরেজমিনে দেখা গেছে, বন্দরের গেইটগুলো খোলা থাকলেও কোনো গাড়ি প্রবেশ বা বের হচ্ছে না। অলস সময় কাটাতে দেখা যায় বন্দরের নিরাপত্তাকর্মী ও পুলিশ সদস্যদের।
বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন বাংলানিউজকে জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলন চলছে। সিএমপির নিষেধাজ্ঞার কারণে বন্দর এলাকায় মিছিল বা সমাবেশ করা হয়নি।এদিকে টানা তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা।এর আগে আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ অন্তত ১৬ জন কর্মচারীকে ঢাকার পানগাঁও আইসিটি ও কমলাপুর আইসিডিতে বদলি করেছে বন্দর কর্তৃপক্ষ।


