
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব-৭।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) ভোর আনুমানিক ৫টা ১০ মিনিটে বাঁশখালীর সরল এলাকায় নির্বাচনী টহল পরিচালনা করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে একটি বিদেশি তৈরি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ২টি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ ও ৪টি দেশীয় রামদা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


