শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে অনুমতি, গোপন কক্ষে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটার ও প্রার্থীসহ সুনির্দিষ্ট কিছু ব্যক্তিকে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।নির্দেশনায় বলা হয়, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কিছু কর্মকর্তা, দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট এবং ভোটাররা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

অনুমোদিত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার, দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য, নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালনরত দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার নির্বাচনী এজেন্ট এবং ভোটাররা।তবে ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে কেউই গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভোটগ্রহণের কাজে নিয়োজিত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট এবং অনুমোদিত নির্দিষ্ট পুলিশ ও আনসার সদস্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কোনো সদস্য ভোটকেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না বলেও জানানো হয়।নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত