
ভালোবাসা দিবস ঘিরে দক্ষিণী সুপারস্টার Dhanush–এর সঙ্গে বলিউড অভিনেত্রী Mrunal Thakur-এর বিয়ের গুঞ্জনে কয়েক দিন ধরেই সরগরম নেটপাড়া। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, ১৪ ফেব্রুয়ারিতেই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন তারা। তবে অবশেষে এ জল্পনা নিয়ে মুখ খুললেন ম্রুণাল— তাও বেশ রসিকতার সুরে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুজবকে উপভোগ করছেন বলেই জানান অভিনেত্রী। ভক্তদের উদ্দেশে মজা করে বলেন, “আজ আমার গায়ে হলুদ, কাল সংগীত— কেউ কিন্তু না খেয়ে যাবেন না!” তার এই মন্তব্যে মুহূর্তেই হাসির রোল পড়ে যায়।ম্রুণাল স্পষ্ট করে দেন, তার বিয়ের দিনক্ষণ তো দূরের কথা, পাত্রও এখনো ঠিক হয়নি। অথচ চারদিকে চলছে কাল্পনিক আয়োজন! তিনি বলেন, শুধুমাত্র বিয়ে করার জন্য সম্পর্কে জড়ানোতে তিনি বিশ্বাসী নন। তার মতে, “যখন সঠিক মানুষ জীবনে আসে, যার সঙ্গে নীরবতাও অস্বস্তিকর লাগে না, তখনই সম্পর্ককে বিয়ের রূপ দেওয়া উচিত।”
এদিকে আসন্ন ছবি Do Deewane Shehar Mein-এর প্রচারে গিয়ে সহ-অভিনেতা Siddhant Chaturvedi-র সঙ্গেও বিষয়টি নিয়ে খুনসুটিতে মেতে ওঠেন তিনি। সিদ্ধান্ত মজা করে বলেন, “১৪ ফেব্রুয়ারি ম্রুণালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাই উচিত সবার!” জবাবে ম্রুণাল হেসে বলেন, “তাহলে সেটাই হবে সবচেয়ে বড় এপ্রিল ফুল!”সব মিলিয়ে পরিষ্কার— ধানুশের সঙ্গে ম্রুণালের বিয়ের খবরটি নিছকই গুজব। আপাতত নিজের কাজ ও আসন্ন ছবির প্রচার নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।


