
চট্টগ্রামের সীতাকুণ্ডে শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী ও বিদেশি সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রোববার (১৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র ও বিদেশি সিগারেট পাচারের পরিকল্পনা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে ছিল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং ১,২৯৮ কার্টুন বিদেশি সিগারেট।তবে এ সময় কাভার্ড ভ্যানের চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের গাড়িসহ ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছে কোস্ট গার্ড।পরবর্তীতে জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস-এর নিকট হস্তান্তর করা হয়েছে।


