শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

রমজানে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজান উপলক্ষে নগরের সুবিধাবঞ্চিত ও নিম্নবিত্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর মেয়র। তিনি বলেন, “সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি নাগরিকের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই পবিত্র মাসে মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
রমজান উপলক্ষে বিদ্যানন্দ ফাউন্ডেশন মাসব্যাপী ইফতার ও সেহরীর আয়োজন করেছে, যা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। নগরীর বিপ্লব উদ্যান ইসলামিক আবহে সজ্জিত করা হয়েছে। সুবিশাল প্যান্ডেলে প্রতিদিন হাজারো মানুষ একসঙ্গে ইফতার করার সুযোগ পাচ্ছেন। আয়োজন ও ভিজ্যুয়ালের দিক থেকে এটি রাষ্ট্রীয় ভিআইপি অনুষ্ঠানের মতো মনে হলেও বাস্তবে এটি ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত রোজাদারদের জন্য উন্মুক্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন অংশ নিতে পেরে আনন্দিত। এটি সমাজে ধনী-দরিদ্রের ব্যবধান কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগের পাশে থাকব।”
ফাউন্ডেশনের বোর্ড সদস্য জামাল উদ্দিন জানান, এ কর্মসূচির মাধ্যমে সারা মাসে লক্ষাধিক মানুষকে ইফতার ও সেহরী করানো হবে। পাশাপাশি বিত্তবান ও সচেতন নাগরিকদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যাতে তারা অভাবীদের সঙ্গে একই টেবিলে বসে খাবার ভাগাভাগি করতে পারেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর জামাল উদ্দিন, মেয়রের একান্ত সচিব মারুফ উল হক চৌধুরী, একান্ত সচিব (রাজনৈতিক) জিয়াউর রহমানসহ সামাজিক ও ব্যবসায়ী নেতারা।
ফাউন্ডেশন জানায়, এই উদ্যোগ শুধু চট্টগ্রামেই সীমাবদ্ধ নয়; ঢাকাসহ রাজশাহী ও কুড়িগ্রামে মোট তিন লাখ মানুষের জন্য ইফতার ও সেহরীর আয়োজন করা হচ্ছে। মানবিক এই কর্মসূচিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিয়ে রমজানের সহমর্মিতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত