শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
spot_img

৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার ঘোষণা -চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের কিশোর গ্যাং অপসংস্কৃতি মোকাবেলায় ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এমন ঘোষণা দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার ২৫ নম্বর রামপুর ওয়ার্ড ও ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ডে বাস্তবায়িত তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।মেয়র বলেন, গত ১৬ বছরে সমাজের অন্যতম বড় সমস্যা হিসেবে কিশোর গ্যাং সংস্কৃতি বিস্তার লাভ করেছে। তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করতে না পারলে এ সমস্যা থেকে উত্তরণ সম্ভব নয়। মাঠভিত্তিক ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ড কিশোর অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।তিনি বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা অপরিহার্য। “সুস্থ দেহে সুস্থ মন”—এই দর্শন বাস্তবায়নে নগরে পর্যাপ্ত খেলার মাঠ নিশ্চিত করা হচ্ছে। ইতোমধ্যে মহসিন কলেজ মাঠ, বাকলিয়া স্কুল মাঠ, বহুরূপী মাঠ, আকবর শাহ এলাকার ফিরোজশাহ মাঠ, আগ্রাবাদ শিশুপার্ক সংলগ্ন জাম্বুরি মাঠ এবং হালিশহর বিডিআর মাঠ উন্নয়ন বা পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলা হবে।

হালিশহর এইচ ব্লক মাঠে আধুনিকায়ন

মেয়র জানান, ২৫ নম্বর রামপুর ওয়ার্ডস্থ হালিশহর এইচ ব্লক আবাসিক এলাকার মাঠ উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ ও আনুষঙ্গিক কাজ প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হয়েছে। ৪০ হাজার বর্গফুট মাঠের চারদিকে ৭ ফুট প্রশস্ত ওয়াকওয়ে নির্মাণ এবং পাশেই ৫ ফুট প্রশস্ত দৃষ্টিনন্দন বাগান গড়ে তোলা হয়েছে। মাঠ এলাকায় ১৩২টি গার্ডেন লাইট ও ৪৪টি বিশ্রাম বেঞ্চ স্থাপন করা হয়েছে, যেখানে একসঙ্গে ২৬৪ জন বসতে পারবেন।এছাড়া ২২ হাজার ৫০০ বর্গফুট আধুনিক সবুজ খেলার মাঠ, ৩ হাজার ৭৫০ বর্গফুট ইনডোর সুবিধা (টেনিস, ব্যাডমিন্টন), ৩ হাজার ৩৭৫ বর্গফুট কিডস জোন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং বায়ু চলাচল উপযোগী বাউন্ডারি ওয়াল নির্মাণ করা হয়েছে।

সড়ক উন্নয়ন ও নতুন সেতু উদ্বোধন

পরে মেয়র হালিশহর এসি মসজিদ থেকে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে ১ কিলোমিটার দীর্ঘ ও গড়ে ৩৫ ফুট প্রশস্ত সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। রাস্তার দুই পাশে ৪-৫ ফুট প্রশস্ত স্ল্যাবসহ নতুন ড্রেন এবং ৭-৯ ফুট প্রশস্ত বাগানসমৃদ্ধ ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।এছাড়া ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডস্থ মহেশখালের ওপর প্রায় ১২ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে ২৩.৭০ মিটার দৈর্ঘ্য ও ১০.৫০ মিটার প্রস্থের একটি সেতুর উদ্বোধন করা হয়। সেতুর উভয় পাশে এপ্রোচ রোড, নিরাপত্তা রেলিং ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ১.৪৫ কিলোমিটার কার্পেটিং রোড, ৩০০ মিটার আরসিসি রোড, ৪৭৫ মিটার ফুটপাত, বিজিবি অফিসের সামনে ৩৫২ মিটার বাউন্ডারি ওয়াল, ১২০টি লাইট ও ৬২ মিটার আরসিসি প্রতিরোধ দেয়াল নির্মাণ করা হয়েছে।মেয়র বলেন, নতুন সেতু চালু হওয়ায় দুই ওয়ার্ডের মানুষের যাতায়াত সহজ হবে এবং স্থানীয় বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে। চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন ধারাবাহিকভাবে চলবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত