
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপ এলাকায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত ইয়াবা ও পাচারকাজে ব্যবহৃত বোটসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।মিডিয়া কর্মকর্তা আরও জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার রোধে কোস্ট গার্ডের নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


