
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার চৌধুরী নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন প্যানেলের পোস্টার ইতোমধ্যে এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা ভোটার সদস্যদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
পোস্টারে দেখা যায়, “নাজিম-বেলাল পরিষদ” নামে একটি প্যানেল সভাপতি ও সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীদের পরিচিতি তুলে ধরেছে। সভাপতি পদে প্রার্থী হিসেবে আলহাজ্ব মো. নাজিম উদ্দিন এবং সম্পাদক পদে আলহাজ্ব বেলাল আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সহ-সভাপতি, অর্থ সম্পাদক ও পরিচালকের বিভিন্ন পদে একাধিক প্রার্থী নিজ নিজ প্রতীক নিয়ে ভোটারদের সমর্থন কামনা করছেন।
প্রার্থীরা সদস্যদের উদ্দেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা সমবায়ের উন্নয়ন, সদস্যদের অধিকার সংরক্ষণ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।প্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত হলে সমবায় সমিতির স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা হবে। সমিতির কার্যক্রম আরও গতিশীল ও সদস্যবান্ধব করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি তিন বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।


