
চট্টগ্রাম নগরের বহু পুরনো পাহাড় কাটার অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-কে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর-এর চট্টগ্রাম কার্যালয়। একই সঙ্গে সংশ্লিষ্ট নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে পরিবেশ অধিদফতরের কার্যালয়ে শুনানি শেষে এ জরিমানা করা হয়। এর আগে সোমবার অধিদফতরের পরিদর্শন টিম ঘটনাস্থল পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়।পরিবেশ অধিদফতরের নগর কার্যালয়ের পরিচালক সোনিয়া সুলতানা জানান, চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার জামালখানের জয় পাহাড় আবাসিক এলাকায় নিয়মবহির্ভূতভাবে পাহাড় কাটা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও শুনানি শেষে বিপিসিকে ক্ষতিপূরণ হিসেবে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কর্তনকৃত স্থান পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো দৃশ্যমান পাহাড় বা টিলা না কাটার নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানিতে বিপিসির উপমহাব্যবস্থাপক এস এম জুবায়ের হাসান ও নিম্নমান সহকারী মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। জুবায়ের হাসান দাবি করেন, সুরক্ষা দেয়াল নির্মাণের জন্য কিছু মাটি কাটা হয়েছিল, পাহাড় কাটা হয়নি। তিনি বলেন, জরিমানার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়, জয় পাহাড় এলাকায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতায় মোট ৯ হাজার ৬০০ ঘনফুট মাটি অপসারণ করা হয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন (সংশোধিত ২০১০) অনুযায়ী প্রতি ঘনফুট ১০০ টাকা হারে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়।
এদিকে এ ঘটনায় সমালোচনা করে প্রতিবাদ জানিয়েছেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স-এর সদস্য সচিব স ম জিয়াউর রহমান। তিনি বলেন, শুধুমাত্র জরিমানা করে দায় এড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিপিসির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় এবং পাহাড়ের পূর্বের অবস্থা পুনরুদ্ধার নিশ্চিত করতে হবে। তা না হলে বিষয়টি পরিবেশ মন্ত্রীর দৃষ্টিতে আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।


