
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যসহ ১৯ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার মধ্যরাত ২টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ অপূর্ব বাংলা সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ১১ লাখ টাকা মূল্যের ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট, ৫ বস্তা রসুন, ৫০ বস্তা ছোলা, ২০ বস্তা আলু এবং ৭ হাজার ৮০ পিস রয়েল টাইগার এনার্জি ড্রিংক জব্দ করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ফিশিং বোটসহ ১৯ জনকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।


