
বলিউডের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও খবরের শিরোনামে। অভিনয় দক্ষতার জন্য যেমন প্রশংসিত, তেমনি ব্যক্তিগত ও রাজনৈতিক নানা মন্তব্যের কারণে প্রায়ই আলোচনায় থাকেন তিনি। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার সম্ভাব্য বাগদানের গুঞ্জন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একগুচ্ছ ছবি পোস্ট করেন কঙ্গনা। সেই ছবিতেই নজর কাড়ে তার বাম হাতের অনামিকায় থাকা ঝলমলে হীরার আংটি। ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয় জোর জল্পনা—তবে কি চুপিসারে বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী?শুধু আংটিই নয়, কঙ্গনার পরনে ছিল গুজরাটের বিখ্যাত পাটোলা সিল্ক শাড়ি। আর এতেই অনেকে দু’য়ে দু’য়ে চার মিলিয়ে ধারণা করছেন, তার সম্ভাব্য জীবনসঙ্গী নাকি গুজরাটি। উল্লেখ্য, এর আগেও গত দীপাবলিতে গুজরাটের শাড়ি পরে নজর কাড়েন তিনি। বারবার গুজরাটি শাড়ির প্রতি তার অনুরাগ এবং অনামিকায় হীরার আংটি—এই দুইয়ে মিলিয়েই নেটিজেনদের একাংশের দাবি, গুজরাটের পাত্রকেই হয়তো বেছে নিয়েছেন কঙ্গনা।
তবে এ নিয়ে ভিন্ন মতও রয়েছে। অনেকেই অভিনেত্রীর পক্ষ নিয়ে মন্তব্য করেছেন, কঙ্গনার নিজের সামর্থ্যই যথেষ্ট একটি হীরার আংটি কেনার জন্য। কারও উপহারের অপেক্ষা করার প্রয়োজন তার নেই। আবার কেউ প্রশ্ন তুলেছেন, অনামিকায় হীরার আংটি পরলেই তা বাগদানের আংটি হবে—এমন ধারণা কতটা যৌক্তিক?যদিও এই জল্পনা-কল্পনা নিয়ে এখনো পর্যন্ত কঙ্গনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফ্যাশন সচেতন কঙ্গনা বরাবরই ঐতিহ্যবাহী পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। রাজনৈতিক ইনিংস শুরু করার পর তার সাজে শাড়ি কিংবা হিমাচলি পোশাকের প্রাধান্য বেড়েছে। কখনও লাদাখের সূক্ষ কারুকার্যও ফুটে উঠেছে তার পোশাকে। পার্লামেন্টে যাওয়ার সময় সাধারণত সুতি বা হ্যান্ডলুমের শাড়িই বেশি পরতে দেখা যায় তাকে।
এখন দেখার বিষয়, বাগদানের এই গুঞ্জন কেবলই জল্পনা হয়ে থাকে, নাকি সত্যিই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন কঙ্গনা রানাউত।


