
চট্টগ্রামের চকবাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন ও ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের দায়ে একটি খাবারের প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক-এর নেতৃত্বে চকবাজার এলাকায় অবস্থিত ‘সাতকানিয়া ভাত ঘর’-এ এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানের রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে। এছাড়া ফ্লোর স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।সময় আরও দেখা যায়, সেখানে কর্মরত খাদ্যকর্মীদের কোনো স্বাস্থ্য সনদ নেই। পাশাপাশি জিলাপি তৈরিতে অননুমোদিত ও মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ‘হাইড্রোজ’ ব্যবহার করা হচ্ছিল।
এ সকল অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানের মালিকপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয়, চট্টগ্রামের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশন অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক এবং চকবাজার থানা, সিএমপি’র একটি চৌকস টিম সার্বিক সমন্বয়ে সহায়তা করে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


