
নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দম’ সেন্সর বোর্ড থেকে ইউ (সর্বজনীন) গ্রেড সার্টিফিকেট পেয়েছে। ফলে সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে বসেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো ধরনের কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ঈদ উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ই প্রথম সেন্সর ছাড়পত্র হাতে পেল।এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজিত এই সিনেমাটি ঘোষণার পর থেকেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে। বিশেষ করে প্রায় এক দশক পর বড় পর্দায় রেদওয়ান রনির প্রত্যাবর্তন এবং প্রথমবারের মতো আফরান নিশো ও চঞ্চল চৌধুরী-এর একসঙ্গে কাজ করা—এই দুই বিষয় সিনেমাটিকে ঘিরে আলাদা উত্তেজনা তৈরি করেছে।
সম্প্রতি সিনেমাটির পোস্টার ও ফার্স্ট লুক টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছে ‘দম’। পোস্টারে আফরান নিশোর দৃঢ় ও লড়াকু চাহনি এবং টিজারে এক সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রামের আভাস দর্শকদের দৃষ্টি কাড়ে। জানা গেছে, সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রতিটি দৃশ্য নিয়েই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।সিনেমাটির বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি তার গাওয়া কালজয়ী গান ‘এই মন তোমাকে দিলাম’ নতুন সংগীতায়োজনে ‘দম’ সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।
বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, “সিনেমাটি সব বয়সী দর্শকদের জন্য উপযোগী হিসেবে ছাড়পত্র পাওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। এখানে সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। পোস্টার ও টিজারে দর্শকদের যে সাড়া পেয়েছি, তাতে আমরা অভিভূত।”তিনি আরও আশা প্রকাশ করেন, বড় পর্দায় ‘দম’ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে এবং অনুপ্রেরণার গল্পের মধ্য দিয়ে তাদের ছুঁয়ে যাবে।
উল্লেখ্য, সিনেমাটিতে আরও অভিনয় করেছেন পূজা চেরী ও ডলি জহুর। এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর ও মো. সাইফুল্লাহ রিয়াদ।


