শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

চসিক পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ, প্রত্যেকে পেলেন ৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হস্তান্তর করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

এবার চসিকের মোট ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মী প্রত্যেকে ৫ হাজার টাকা করে ঈদ উপহার পাচ্ছেন। এর আগে দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বরাদ্দকৃত অর্থ সংশ্লিষ্ট মেয়রদের হাতে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে মেয়র বলেন, পরিচ্ছন্নতা কর্মীরাই একটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার মূল চালিকাশক্তি। তারা দিন-রাত পরিশ্রম করে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবেই এই ঈদ উপহার প্রদান করা হয়েছে, যা তাদের মনোবল আরও বাড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, চট্টগ্রামকে একটি ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা চসিকের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা একটি সংবেদনশীল কাজ, যার ওপর পুরো নগরের ভাবমূর্তি নির্ভর করে।মেয়র জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিবর্তন এনে রাতের বেলায় ময়লা অপসারণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এতে নগরের সার্বিক পরিচ্ছন্নতা অনেকটাই উন্নত হয়েছে। তবে ময়লা পরিবহনের সময় রাস্তায় বর্জ্য পড়ে যাওয়া এবং দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি—এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষার জন্য প্রদত্ত ইউনিফর্ম ও সুরক্ষা সামগ্রী নিয়মিত ব্যবহারের আহ্বান জানিয়ে মেয়র বলেন, এগুলো ব্যবহার করলে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি নগরের ভাবমূর্তিও উন্নত হবে।বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে চসিক বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি। বর্জ্য থেকে সম্পদ উৎপাদনের লক্ষ্যে রিসাইক্লিং, বায়োগ্যাস, গ্রিন ডিজেল এবং বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি বলেন, উন্নত দেশগুলো যেখানে বর্জ্যকে সম্পদে রূপান্তর করছে, সেখানে আমাদের দেশে এখনো অনিয়মভাবে বর্জ্য ফেলা হচ্ছে, যা জলাবদ্ধতা ও পরিবেশ দূষণের অন্যতম কারণ।মেয়র আরও জানান, বাসা থেকে সরাসরি বর্জ্য সংগ্রহের একটি উদ্যোগ নেওয়া হলেও নাগরিকদের আর্থিক আপত্তির কারণে তা বন্ধ করা হয়েছে। এখন থেকে চসিক নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে বাসা থেকে বর্জ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হাশেম বক্কর, মো. আশরাফুল আমিন, ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরীসহ চসিকের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত