
অবশেষে বিতর্কের আগুনে ঘৃতাহুতি দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার নিষিদ্ধ ঘোষণা করল বহুল আলোচিত গান ‘সারকে চুনার তেরি সারকে’। নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত কেডি-দ্য ডেভিল সিনেমার এই গানটি প্রকাশের পর থেকেই দর্শক মহলে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়। গানের কথা ও দৃশ্যায়ন নিয়ে আপত্তির জেরে শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এরই মধ্যে এক ভিডিও বার্তার মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেন নোরা ফাতেহি।
নোরার দাবি, গানের হিন্দি সংস্করণ সম্পর্কে আগে থেকে তাঁর কোনো ধারণা ছিল না। তিনি জানান, প্রায় তিন বছর আগে তিনি কন্নড় ভাষার একটি গানের জন্য শুটিং করেছিলেন, যার নাম ছিল ‘সারসি নিন্না’। বড় বাজেটের এই প্রজেক্টে অংশ নেওয়ার পেছনে সহশিল্পী হিসেবে সঞ্জয় দত্তের উপস্থিতিও ছিল একটি বড় কারণ।অভিনেত্রীর ভাষ্য, ‘পরবর্তীতে যখন গানটি হিন্দিতে “সরকে চুনর” নামে প্রকাশ করা হয়, তখন এর লিরিক্স ও উপস্থাপনা নিয়ে এত বড় বিতর্ক তৈরি হবে—তা আমার জানা ছিল না। আমি কখনোই কুরুচিপূর্ণ বা বিতর্কিত কোনো বিষয়কে সমর্থন করি না।’
জনরোষের মুখে পড়ে নির্মাতারা গানটি সরিয়ে নিতে বাধ্য হন। ইতোমধ্যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকেও গানটি সরিয়ে ফেলা হয়েছে।এদিকে ভক্তদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে নোরা বলেন, ‘গানের পেছনের প্রকৃত বিষয়টি বোঝার চেষ্টা করুন। ভুল ধারণা ছড়াবেন না এবং অনুরোধ করছি—এই গানটি আর শেয়ার করবেন না।’নোরার এই ব্যাখ্যা কিছুটা বিভ্রান্তি দূর করার চেষ্টা করলেও, গানটি ঘিরে সমালোচনার রেশ এখনো কাটেনি। বিতর্কিত কনটেন্ট নিয়ে বলিউডে নতুন করে প্রশ্নও উঠেছে—সৃজনশীলতার নামে কতদূর যাওয়া উচিত?


