
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান নতুন সম্পর্কে জড়িয়েছেন—এ খবর নতুন নয়। ২০২৫ সাল থেকেই তার সঙ্গে গৌরী স্প্র্যাট-এর সম্পর্ক বলিউডে ‘টক অব দ্য টাউন’ হয়ে উঠেছে। বিভিন্ন হাইপ্রোফাইল অনুষ্ঠান, পার্টি ও সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে উপস্থিত হয়ে একাধিকবার আলোচনায় এসেছেন এই জুটি।
তবে এবার নতুন করে জল্পনা শুরু হয়েছে—গোপনেই নাকি বাগদান সেরে ফেলেছেন তারা! সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন আমির ও গৌরী। সেখানে পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় নজর কাড়ে গৌরীর হাতে থাকা বড় আকারের হিরের আংটি।ফ্যাশন দুনিয়ার তথ্যমতে, এটি বিশেষ ধরনের ‘অ্যাকোয়ামেরিন’ আংটি, যা ব্রাজিলিয়ান হিরে ও নীলাসহ বিরল রত্ন দিয়ে তৈরি। আংটিটি তৈরি করতে কারিগরদের ১,০০০ ঘণ্টারও বেশি সময় লেগেছে বলে জানা গেছে।
এই বিলাসবহুল গয়না তৈরি করেছে ‘ক্যুইন’ নামের একটি সংস্থা। যদিও আনুষ্ঠানিকভাবে বাজারে আসার কথা আগামী মে মাসে, তবে শোনা যাচ্ছে—আমির খান ওই সংস্থায় বিনিয়োগ করেছেন এবং প্রথম ক্রেতা হিসেবেই প্রেমিকা গৌরীর জন্য বিশেষ অর্ডারে আংটিটি তৈরি করিয়েছেন।সূত্র বলছে, আংটির দাম কয়েক কোটি টাকা। আর এতেই জোরালো হয়েছে বাগদানের গুঞ্জন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি আমির বা গৌরী, তবে বলিউড মহলে এ নিয়ে আলোচনা থামছেই না।


