শনিবার, এপ্রিল ২৫, ২০২৬
spot_img

অডিশন পেরিয়ে ‘রানী’ পূজা, ‘দম’-এ নতুন অভিজ্ঞতা

নিজস্ব প্রতিবেদক

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি অভিনীত নতুন সিনেমা ‘দম’-এ কাজের অভিজ্ঞতা তাঁর ক্যারিয়ারের অন্যান্য কাজের চেয়ে একেবারেই আলাদা। এই প্রথম কোনো সিনেমার জন্য তাঁকে অডিশন দিতে হয়েছে, আর সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েই পেয়েছেন ‘রানী’ চরিত্রে অভিনয়ের সুযোগ।

পূজা জানান, শুরুতে অডিশন নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন তিনি। “অনেক ডায়ালগ মুখস্থ করে স্ক্রিনের সামনে অডিশন দিতে হয়েছে। ফলাফলের অপেক্ষায় মনে হচ্ছিল হয়তো বাদ পড়েছি। কিন্তু অনেক দিন পর যখন জানানো হলো আমি নির্বাচিত, তখন যেন হাঁপ ছেড়ে বাঁচলাম,” বলেন তিনি।পরিচালক রেদওয়ান রনি শুরু থেকেই পূজাকে অভিনয়ের ক্ষেত্রে ভিন্নভাবে প্রস্তুত হতে বলেন। তাঁর নির্দেশ ছিল—ক্যামেরার সামনে যেন কোনো কৃত্রিম অভিনয় না থাকে। বরং নিজেকে পুরোপুরি ‘রানী’ চরিত্রে ডুবিয়ে দিতে হবে।এ প্রসঙ্গে পূজা বলেন, “রনি ভাই বলেছিলেন, ধরে নাও তুমি-ই রানী, আর তোমার স্বামীর জন্য লড়াই করছ। তখন অভিনয়টা একেবারেই ন্যাচারাল হবে।” সেই নির্দেশনা মেনেই তিনি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করেছেন বলে জানান।

‘দম’ মূলত টিকে থাকার লড়াইয়ের গল্প। সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে কাজাখস্তানের চরম প্রতিকূল আবহাওয়ায়। সেখানে মাইনাস তাপমাত্রায় খালি পায়ে এবং হালকা পোশাকে শুটিং করতে হয়েছে পূজাকে।এই কঠিন অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন, “মাইনাস টেম্পারেচারে শুটিং করা খুব কঠিন ছিল। খালি পায়ে কাজ করতে গিয়ে পা কেটে রক্ত বের হয়েছে। শুধু বিদেশে নয়, পাবনায়ও কনকনে ঠান্ডা আর বৃষ্টির মধ্যে শুটিং করতে হয়েছে। এমন প্রতিকূল পরিবেশে আগে কখনো কাজ করিনি।”এই সিনেমায় পূজা কাজ করেছেন দেশের শক্তিমান অভিনয়শিল্পী আফরান নিশো, চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আবুল হায়াতডলি জহুর-এর সঙ্গে। তাঁদের সঙ্গে কাজ করাকে ‘পাঠশালা’র মতো অভিজ্ঞতা হিসেবে দেখছেন তিনি।

পূজা বলেন, “তাঁদের মতো সিনিয়র শিল্পীদের মাঝে নিজেকে খুব ছোট মনে হয়েছে। কিন্তু তাঁরা কখনো সেটা বুঝতে দেননি। কোনো ভুল হলে নিশো ভাই বা চঞ্চল ভাইয়া বুঝিয়ে দিয়েছেন। তাঁদের সহযোগিতায় কাজটা অনেক সহজ হয়ে গেছে।”এছাড়া সিনেমাটির চিত্রগ্রহণে ছিলেন বিদেশি চিত্রগ্রাহক মিখাইল সিরিয়ানভ এবং আন্তর্জাতিক টিম। তাঁদের সঙ্গে কাজ করে পেশাদারিত্ব ও সময়ানুবর্তিতার নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন পূজা।তিনি বলেন, “বিদেশি টিম অত্যন্ত পেশাদার। তারা নির্দিষ্ট সময় মেনে কাজ শেষ করে, যা আমার খুব ভালো লেগেছে। এতে করে আমার কাজের অভিজ্ঞতাও আরও সমৃদ্ধ হয়েছে।”সব মিলিয়ে ‘দম’ সিনেমাটি পূজা চেরির ক্যারিয়ারে এক নতুন অধ্যায় যোগ করেছে—যেখানে চ্যালেঞ্জ, শেখা এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের গল্প একসঙ্গে মিলেছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত