
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিনী অধ্যাপক দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৮৫ ফ্লাইটে তার মরদেহ দেশে আনা হয়।পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল এবং তার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।
অধ্যাপক দিলারা হাফিজের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী।শিক্ষাজীবনে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি এবং ১৯৬৮ সালে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।কর্মজীবনে তিনি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।দিলারা হাফিজের মৃত্যুতে ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।


