
সারা দেশের তেলসংকটের প্রভাব এবার সরাসরি পড়েছে মাছ ধরার ট্রলারগুলোর ওপর। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় অনেক জেলে সমুদ্রে যেতে পারছেন না মাছ ধরতে। ফলে চট্টগ্রাম নগরের ফিরিঙ্গিবাজার এলাকার কর্ণফুলী নদী তীরে নোঙর করে রাখা হয়েছে অসংখ্য মাছ ধরার ট্রলার।
সরেজমিনে দেখা যায়, নদীর তীরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে ছোট-বড় বিভিন্ন ট্রলার। স্বাভাবিক সময়ে যেখানে জেলেদের ব্যস্ততা আর কর্মচাঞ্চল্য দেখা যায়, সেখানে এখন বিরাজ করছে এক ধরনের স্থবিরতা। জেলেরা অলস সময় কাটাচ্ছেন নদীর পাড়ে বসে, কেউবা গল্পে মেতে উঠছেন সহকর্মীদের সঙ্গে।অনেক জেলে জানিয়েছেন, ডিজেলের সংকটের কারণে তারা কয়েকদিন ধরেই সমুদ্রে যেতে পারছেন না। এতে করে তাদের আয়ের পথ বন্ধ হয়ে পড়েছে। সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান তারা।
অন্যদিকে, কেউ কেউ এই অবসর সময়কে কাজে লাগাচ্ছেন জাল মেরামতের মাধ্যমে। ছিঁড়ে যাওয়া জাল ঠিক করা, নতুন করে প্রস্তুত করা—এসব কাজেই সময় কাটাচ্ছেন অনেক জেলে। তবে তাদের চোখে-মুখে রয়েছে অনিশ্চয়তার ছাপ।জেলেরা বলছেন, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। মাছ ধরা বন্ধ থাকলে শুধু জেলেদের নয়, এর সঙ্গে জড়িত পুরো মৎস্যখাতই বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।
ফিরিঙ্গিবাজার এলাকার এই চিত্র যেন দেশের সামগ্রিক তেলসংকটেরই প্রতিচ্ছবি—যেখানে জীবিকার চাকা থমকে গেছে জ্বালানির অভাবে।


