
চট্টগ্রাম মহানগরীর একাধিক থানার মামলার পলাতক আসামি ও চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার দক্ষিণ সলিমপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্ত্রাসী সাদ্দাম হোসেন (৩৭), পিতা আব্দুল করিম, মুক্তিযোদ্ধা কলোনী, আরেফিন নগর, বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম হোসেন ‘গলাকাটা বাচা’ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত বলে জানিয়েছে র্যাব।আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, ভূমি দখলসহ নানা গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ এবং সীতাকুণ্ড থানায় তার বিরুদ্ধে মোট ৭টি মামলা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাদ্দাম ওরফে গলাকাটা বাচার সন্ত্রাসী কর্মকাণ্ড ও প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের কারণে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছিল।র্যাব জানায়, গ্রেফতারের পর সিডিএমএস যাচাই করে তার বিরুদ্ধে একাধিক মামলার সত্যতা পাওয়া গেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।


