
ঢাক-ঢোলের তালে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর এই উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে কিছু চিরচেনা গান—যার মধ্যে অন্যতম ‘বাজেরে বাজে ঢোল আর ঢাক’।
প্রায় ১৮ বছর আগে সোনিয়া-এর কণ্ঠে প্রকাশিত গানটি সময়ের সঙ্গে হয়ে উঠেছে বৈশাখের অপরিহার্য অংশ। প্রতি বছর বৈশাখ এলেই নতুন করে প্রাণ ফিরে পায় গানটি—বাজতে থাকে বিভিন্ন অনুষ্ঠান, উৎসব ও আয়োজনে।এবার গানটিকে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। নতুন এই সংস্করণে আবারও যুক্ত হয়েছেন মূল সুরকার ও সংগীত পরিচালক শওকত আলী ইমন।নতুন সংগীতায়োজনে আধুনিক সাউন্ডের পাশাপাশি রাখা হয়েছে সময়োপযোগী ভিডিওচিত্র। এই সংস্করণে ইমনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ঝিলিক, লুইপা, আতিয়া আনিসা এবং কর্ণিয়া। গানটির কথা লিখেছেন কবির বকুল।
রাজধানীর ৩০০ ফিট এলাকায় ইতোমধ্যে গানটির ভিডিওচিত্র ধারণ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।শওকত আলী ইমন বলেন, গানটি দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসী বাঙালিদের কাছেও সমান জনপ্রিয়। নতুন প্রজন্মের কাছে গানটিকে আরও কাছাকাছি নিয়ে আসতেই এই নতুন আয়োজন। মূল আবহ ধরে রেখে আধুনিক সাউন্ডে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।
আগামী ৯ এপ্রিল গানচিলের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটির নতুন সংস্করণ। নির্মাতাদের আশা, নতুন রূপে এই বৈশাখী গানটি তরুণ শ্রোতাদের কাছেও সমান জনপ্রিয়তা পাবে।


