বুধবার, এপ্রিল ৮, ২০২৬
spot_img

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বহাল সংসদে দ্রুত বিল পাস

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে, যার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ বহাল রাখা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে এটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।সংসদ অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি উত্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফ্লোর দেন। বিলটি উত্থাপনের পর পুনর্বিবেচনার জন্য আবারও উপস্থাপন করা হলেও দফাওয়ারী কোনো সংশোধনী না থাকায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি।বিলটি পাসের প্রস্তাবের সময় ফ্লোর চান বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিলের তুলনামূলক শিট মাত্র কয়েক মিনিট আগে হাতে পাওয়ায় তা যথাযথভাবে পর্যালোচনা করা সম্ভব হয়নি এবং কিছু সময় চেয়েছিলেন। তবে স্পিকার জানান, আপত্তি জানানোর নির্দিষ্ট সময় ইতোমধ্যে পেরিয়ে গেছে, ফলে এই পর্যায়ে আর কোনো আপত্তি গ্রহণযোগ্য নয়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংশোধনীটি মূলত “গণহত্যাকারী সন্ত্রাসী সংগঠন” নিষিদ্ধকরণের বিধানকে শক্তিশালী করার জন্য আনা হয়েছে। তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী জনমতের প্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন ইতোমধ্যে দলটির নিবন্ধন স্থগিত করেছে।শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।এর আগে, ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের জারি করা ওই অধ্যাদেশটি হুবহু আকারে সংসদে আইনে রূপ দেওয়া হলো।বিশ্লেষকদের মতে, এই আইন কার্যকর হওয়ার ফলে আওয়ামী লীগের কার্যক্রম শুধু নিষিদ্ধই নয়, বরং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পথ আরও সুগম হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত