
দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’-এর নতুন গান প্রকাশের পরই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ‘সারকে চুনার’ শিরোনামের এই গানে পারফর্ম করেছেন নোরা ফাতেহি ও সঞ্জয় দত্ত।
গানটি প্রকাশের পরপরই অনেক দর্শক এর ভাষা ও উপস্থাপনাকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ বলে সমালোচনা করেন। বিশেষ করে নাচের ধরন নিয়েও আপত্তি ওঠে। ব্যাপক সমালোচনার মুখে পরে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।এ ঘটনায় নড়েচড়ে বসে ভারতের জাতীয় নারী কমিশন। সংস্থাটি স্বতঃপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নিয়ে শুনানি আয়োজন করে। সেখানে কমিশন স্পষ্ট জানায়, সৃজনশীলতার নামে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও নোরা ফাতেহি উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে আইনজীবী উপস্থিত থাকলেও কমিশন তা গ্রহণ করেনি এবং তাঁকে সরাসরি হাজির হওয়ার নির্দেশ দেয়। আগামী ২৭ এপ্রিলের মধ্যে তাঁকে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে সঞ্জয় দত্তকেও নির্ধারিত দিনে কমিশনের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।শুনানিতে কমিশনের চেয়ারম্যান অসন্তোষ প্রকাশ করে বলেন, সৃজনশীলতার অজুহাতে নারীর সম্মান নিয়ে আপস করা যায় না।অবশেষে নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেন, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। পাশাপাশি তারা আগামী তিন মাস নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করবে এবং সে অগ্রগতির প্রতিবেদন কমিশনে জমা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।


