
বিনোদন ডেস্ক:ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মিডিয়ায় তার পথচলা শুরু হয়েছিল নাচের মাধ্যমে। সময়ের সঙ্গে নিজেকে ভেঙে-গড়ে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টায় আজ তিনি শুধু একজন অভিনেত্রী নন, বরং গল্পনির্ভর সিনেমার এক নির্ভরযোগ্য মুখ হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছেন।২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত নদীজন সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা মির্জা।
তবে এই স্বীকৃতির পরও দীর্ঘ সময় তিনি প্রচলিত নায়িকা চরিত্রের গণ্ডিতে আবদ্ধ ছিলেন। অনেকেই মনে করেছিলেন, তার সম্ভাবনার বিস্তার হয়তো সেখানেই থেমে যাবে। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন তিনি নিজেই।পরিবর্তনের বড় বাঁক আসে রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম খাঁচার ভেতর অচিন পাখি-তে অভিনয়ের মাধ্যমে। এই কাজটিতে চরিত্রের টানাপোড়েন, যন্ত্রণা ও সংবেদনশীলতার সূক্ষ্ম প্রকাশের মাধ্যমে নিজেকে নতুনভাবে তুলে ধরেন তমা।
এরপর ওটিটি প্ল্যাটফর্মে ‘৭ নাম্বার ফ্লোর’, ‘ফ্রাইডে’, ‘আমলনামা’ এবং সর্বশেষ শিহাব শাহীন পরিচালিত দাগি—প্রতিটি কাজেই চরিত্রনির্ভর অভিনয়ের প্রতি তার দায়বদ্ধতা স্পষ্ট হয়েছে। বিশেষ করে ‘দাগি’তে তার অভিনয় সমালোচক ও দর্শক—দুই মহলেই প্রশংসিত হয়েছে।এছাড়া রায়হান রাফী-এর পরিচালনায় আফরান নিশো-র বিপরীতে সুড়ঙ্গ ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি।সম্প্রতি তাকে কিছুটা নীরব দেখা গেলেও এ বিষয়ে তমা বলেন, ‘নীরব নই। কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকটি প্রজেক্টের কাজ শেষ করেছি। তবে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।’
তিনি আরও বলেন, ‘ফাঁকা আওয়াজে থাকতে পছন্দ করি না। সময় হলেই জানাবো।’জানা গেছে, ২০২৬ সালেও ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন এই অভিনেত্রী। চলতি বছরে তাকে দেখা যাবে দুটি নতুন সিনেমায়। এর একটি গোলাম সোহরাব দোদুল পরিচালিত জলযুদ্ধ, যেখানে তার সহশিল্পী মোশাররফ করিম।অন্যদিকে হাসান মোরশেদ পরিচালিত আরেকটি সিনেমায় তার সহশিল্পী শরীফুল রাজ। যদিও ছবিটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তমা জানিয়েছেন—দুটি গল্পই তার পছন্দ হয়েছে এবং একজন অভিনেত্রী হিসেবে এমন কাজের সঙ্গে যুক্ত হতে তিনি সবসময়ই আগ্রহী।


