
কক্সবাজার, ৫ জুলাই: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা শাখার উদ্যোগে রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। জেলা নায়েবে আমীর মুফতি হাবীবুল্লাহর সভাপতিত্বে আয়োজিত দিনব্যাপী এ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, জুলাই চেতনার পুনরুজ্জীবন ঘটিয়ে গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে হবে। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং একটি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।তিনি আরও বলেন, আদর্শিক, নৈতিক ও সাংগঠনিকভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলাই জামায়াতে ইসলামীর অন্যতম লক্ষ্য। একজন রুকন কেবল সংগঠনের দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না; বরং সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবেন। ইসলামী আদর্শে সুদৃঢ় থেকে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগেরও আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, রুকন শিক্ষা শিবির আদর্শবান, দক্ষ ও দায়িত্বশীল জনশক্তি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। তিনি বলেন, সংগঠনের প্রতিটি দায়িত্বশীল কর্মীকে ব্যক্তিগত চরিত্র, নৈতিকতা, শৃঙ্খলা ও আমানতদারিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে হবে। পাশাপাশি জনগণের সুখ-দুঃখে পাশে থেকে মানবকল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ঐক্য, আত্মত্যাগ এবং দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় প্রত্যেক রুকনকে আদর্শিক দৃঢ়তা, আত্মশুদ্ধি এবং সাংগঠনিক দক্ষতা অর্জনের মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।সভাপতির বক্তব্যে জেলা নায়েবে আমীর মুফতি হাবীবুল্লাহ বলেন, একজন রুকনের আদর্শিক ও সাংগঠনিক মানোন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও আদর্শিক চর্চার কোনো বিকল্প নেই।
এ সময় বক্তব্য দেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহমাদ আনোয়ারী, ড. মাওলানা নিজাম উদ্দিন এবং কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। বক্তারা আদর্শিক চর্চা, সাংগঠনিক শৃঙ্খলা, জনসম্পৃক্ততা এবং দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।শিক্ষা শিবিরে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও সাংগঠনিক ইউনিট থেকে আগত রুকন, স্থানীয় নেতৃবৃন্দ এবং সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচিতে আদর্শিক প্রশিক্ষণ, সাংগঠনিক দিকনির্দেশনা এবং সমসাময়িক জাতীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।


