রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_img

ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধের চেষ্টা? অভিযোগ ঘিরে নতুন আলোচনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় অভিযুক্ত রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ও তার পরিবারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে প্রভাবিত এবং প্রশ্নবিদ্ধ করার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, মামলার স্বাভাবিক বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি করতে বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালানো হয়েছে। এ বিষয়ে ফজলে করিমের পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ সামনে এসেছে। তবে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।মামলা সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করেছে, ফজলে করিম চৌধুরী দীর্ঘ সময় অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে সরাসরি হাজিরা দেওয়া থেকে বিরত ছিলেন। এ অবস্থায় প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল তার আইনজীবীর উপস্থিতিতেই বিচার কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিয়ে আসার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়। এ বিষয়ে চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ওইদিন তাকে আদালতে আনার বিষয়ে ট্রাইব্যুনালের কোনো নির্দেশনা ছিল না।

এদিকে, মামলার বিচারিক কার্যক্রমে অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগের প্রেক্ষিতে সাবেক এক প্রসিকিউটরের বিরুদ্ধে অনুসন্ধান চালানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযোগের বিষয়ে তদন্তের জন্য তথ্য অনুসন্ধান কমিটিও গঠন করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।অন্যদিকে, আন্তর্জাতিক মহলে বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ এবং বিদেশি মহলে যোগাযোগের মাধ্যমেও বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।আইন বিশেষজ্ঞরা বলছেন, বিচারাধীন বিষয়ে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কাউকে দোষী বা নির্দোষ হিসেবে উপস্থাপন না করে বিচারিক প্রক্রিয়ার প্রতি আস্থা রাখা জরুরি।বর্তমানে মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে এবং এর পরবর্তী কার্যক্রমের দিকে সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত