রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
spot_img

কোতোয়ালী থানায় ধরা পড়লো বাস ছিনতাই চক্রের প্রধান সদস্য

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় বাসে উঠে যাত্রীদের মোবাইল ফোন ও মূল্যবান মালামাল ছিনতাইকারী সংঘবদ্ধ চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৬ জুলাই ২০২৬ সকালে যাত্রীবেশে বাসে উঠে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কয়েকজন সদস্য চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় ছোরা দিয়ে ভয় দেখিয়ে বাস থেকে রোমন শেখ-এর মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী কোতোয়ালী থানায় একটি এজাহার দায়ের করলে কোতোয়ালী থানায় মামলা নং-১৩, তারিখ ০৬/০৭/২০২৬ ইং, ধারা-৩৯২ পেনাল কোডে মামলা রুজু করা হয়।মামলা রুজুর পর কোতোয়ালী থানার একটি চৌকস আভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে এবং তাদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে।

অভিযানের এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পটিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ৯ জুলাই বিকেল ৪টা ৩৫ মিনিটে ছিনতাইকারী চক্রের মূল হোতা মোঃ সাইফুল ইসলাম ওরফে বাদশা (৩৬)-কে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি ছোরা এবং বিভিন্ন সময়ে ছিনতাইকৃত ১১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে ভুক্তভোগী রোমন শেখের ছিনতাইকৃত ফোনটিও রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তিনি তার সহযোগীদের নিয়ে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় আগত ব্যবসায়ী, পথচারী ও বাসযাত্রীদের টার্গেট করে দীর্ঘদিন ধরে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।পুলিশ আরও জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, চুরি, ছিনতাই এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অপরাধে মোট ১৫টি মামলা রয়েছে। এদিকে, এই সংঘবদ্ধ ছিনতাই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত