
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।
শনিবার (১১ জুলাই) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (১০ জুলাই) রাত ৮টার দিকে টেকনাফ থানার হ্নীলা ইউনিয়নের কোনাপাড়া সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে এলাকায় তল্লাশি চালিয়ে মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও মাদক, চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও বিস্তার রোধে কোস্ট গার্ডের চলমান অভিযানকে আরও জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।


