
হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১০৫ বোতল অবৈধ মাদকদ্রব্য (মদ) ও একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) ভোর ৪টার দিকে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় মো. সাবু মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।আটক ব্যক্তি হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার লাতু এলাকার বাসিন্দা আব্দুল নূরের ছেলে মো. কাউসার (২১)।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ সাকিব হোসেন ও এসআই মো. তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে ১০৫ বোতল অবৈধ মদ এবং একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করা হয়।জেলা পুলিশের তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মদ ও জব্দকৃত গাড়ির আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।হবিগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক পাচার ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


