
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচয়ে এক বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। চাঞ্চল্যকর এ ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে ভুক্তভোগীর আপন ভাতিজার নাম উঠে এসেছে। আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সিদ্দিকুর রহমান ওয়াদুদের বাড়িতে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার জানায়, রাতের আঁধারে ৬ সদস্যের একটি দল নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে। তারা গৃহকর্তা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মাদক ও জাল টাকার ব্যবসার বানোয়াট অভিযোগ তোলে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা নগদ, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং মূল্যবান পোশাক লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্ত্রী নূর জাহান বেগম জানান, ডাকাতির ঘটনায় তাদের দেবরের ছেলের সংশ্লিষ্টতার বিষয়টি জানতে পেরে পরিবার হতবাক। স্থানীয় প্রত্যক্ষদর্শীরাও ডাকাতির পর তাকে এলাকা ছেড়ে চলে যেতে দেখেছেন বলে দাবি করেছেন।ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় অভিযান শুরু করে। লুট হওয়া একটি মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার সিধলী এলাকা থেকে ডাকাত দলের তিন সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—
- রাজ কুমার (২৬), হবিগঞ্জ।
- আব্দুল হামিদ (৪৫), জামালপুর।
- শাহীন আলম (৩৮), ব্রাহ্মণবাড়িয়া।
পুলিশ জানিয়েছে, ডাকাতির মূল পরিকল্পনাকারী হিসেবে ভুক্তভোগীর আপন ভাতিজার সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে।


