বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দুদুর

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২০ জুলাই: দেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন এলেও মাদকের বিস্তার আগের তুলনায় আরও ভয়াবহ রূপ নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, শুধু আলোচনা নয়, মাদক নির্মূলে সরকারের কার্যকর ও কঠোর পদক্ষেপই এখন সময়ের দাবি।সোমবার (২০ জুলাই) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘শিক্ষা বিস্তারে অন্তরায় মাদক ও আওয়ামী দোসরের গভীর ষড়যন্ত্র’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পরিবর্তন এলেও বাস্তবে মাদকের বিস্তার উদ্বেগজনকভাবে বেড়েছে। নিজের এলাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, তাঁর বসবাসের এলাকার গলিতেই মাদকের বিস্তার এমন পর্যায়ে পৌঁছেছে যে স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয় প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা বললেও পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি বলে জানান তিনি।তিনি বলেন, যদি একটি ছোট এলাকার চিত্র এমন হয়, তাহলে সারাদেশের পরিস্থিতি আরও উদ্বেগজনক হতে পারে। কক্সবাজারকে মাদকের প্রবেশদ্বার উল্লেখ করে তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক মূল্যবোধ—সবকিছুই মাদকের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বিএনপির এই নেতা বলেন, শিক্ষার্থীদের মাদকের কবল থেকে ফিরিয়ে আনতে শুধু উদ্বেগ প্রকাশ করলেই চলবে না, তাদের পুনর্বাসন ও সচেতনতার জন্য কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের প্রসঙ্গ তুলে শামসুজ্জামান দুদু বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাঁর পাশে দাঁড়াতে হবে। তিনি দাবি করেন, শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব ছাড়া মাদকসহ অন্যান্য সামাজিক সংকট মোকাবিলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। সেই শিক্ষা যদি মাদকের কারণে ধ্বংস হয়ে যায়, তবে জাতির ভবিষ্যৎও হুমকির মুখে পড়বে। একই সঙ্গে তিনি গণতন্ত্র রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।সভায় আরও বক্তব্য দেন গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহিম, সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ অন্যান্য নেতারা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত