সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

স্বাস্থ্যঝুঁকিপূর্ণ উপাদান শনাক্ত, জনপ্রিয় ৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২০ জুলাই: ল্যাবরেটরি পরীক্ষায় স্বাস্থ্যঝুঁকিপূর্ণ উপাদান ও মানগত ত্রুটি পাওয়ায় দেশের চারটি প্রতিষ্ঠানের আটটি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। একই সঙ্গে লাইসেন্স ও অনুমোদন পুনর্বহাল না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রি ও সরবরাহ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।সোমবার (২০ জুলাই) বিএসটিআই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিএসটিআই জানায়, পরীক্ষায় ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস-এর ‘আমের আচার’-এ অনুমোদিত মাত্রার চেয়ে অতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে, যা মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।এছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ‘বেলিসিমো’ ব্র্যান্ডের ‘রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট’ আইসক্রিমে দুধের চর্বিহীন কঠিন অংশ (Total Milk Solids Non-Fat) নির্ধারিত মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্য পাওয়া গেছে।সবচেয়ে উদ্বেগজনক তথ্য মিলেছে প্রসাধনী পণ্যে। অলিভ বাংলাদেশ লিমিটেড-এর ‘লাবণ্য’ ব্র্যান্ডের একাধিক প্রসাধনীতে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীব বা ব্যাকটেরিয়ার উপস্থিতি শনাক্ত হয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, মোরিংগা+মাচা ফেসওয়াশ, ফোমিং মিল্ক ও তুলসী ফেসওয়াশ এবং অ্যালোভেরা শ্যাম্পু।

এদিকে ডেকো ফুডস লিমিটেড-এর ‘ডেকো ফ্রুট ফান্ডা’ ব্র্যান্ডের ম্যাংগো ও অরেঞ্জ ফ্লেভারের সফট ড্রিংক পাউডারে নির্ধারিত মানের তুলনায় অনেক কম ভিটামিন ‘সি’ পাওয়া গেছে।ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে দেশের সব ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতাকে এসব পণ্য অবিলম্বে বাজার থেকে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে বিএসটিআই। একই সঙ্গে মাঠপর্যায়ে এ নির্দেশনা বাস্তবায়ন কঠোরভাবে তদারকি করা হবে বলেও জানানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

বিএসটিআইয়ের মহাপরিচালক কাজী ইমদাদুল হক ভোক্তাদের উদ্দেশে বলেন, যেকোনো পণ্য কেনার আগে বিএসটিআইয়ের লোগো, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ এবং মেয়াদোত্তীর্ণের তারিখ যাচাই করে নেওয়া উচিত। কোনো পণ্যের মান নিয়ে সন্দেহ বা জালিয়াতির প্রমাণ পাওয়া গেলে তা দ্রুত বিএসটিআইকে জানানোর আহ্বান জানান তিনি।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত