
বিনোদন ডেস্ক: কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিজের কাজের প্রতি একনিষ্ঠতার স্বীকৃতি পেলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ২০২৪ সালের রাজনৈতিক-অ্যাকশনধর্মী আলোচিত চলচ্চিত্র ‘আর্টিকেল ৩৭০’ জিতেছে দুটি গুরুত্বপূর্ণ সম্মাননা। ছবিটি ‘সেরা ফিচার ফিল্ম’ হিসেবে পুরস্কৃত হওয়ার পাশাপাশি এতে অনবদ্য অভিনয়ের জন্য ‘সেরা অভিনেত্রী’ নির্বাচিত হয়েছেন ইয়ামি গৌতম।ক্যারিয়ারের অন্যতম বড় এই অর্জনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা প্রকাশ করেন অভিনেত্রী। সেখানে তিনি ভক্ত, জুরি বোর্ড এবং পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
১৪ বছরের অভিনয়জীবনের নানা অভিজ্ঞতার কথা স্মরণ করে ইয়ামি লেখেন, “প্রতিটি যাত্রায় এমন একটি মুহূর্ত আসে, যা মনে করিয়ে দেয় কেন কখনো হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আজ আমার জীবনে সেই মুহূর্ত এসেছে। ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য জাতীয় পুরস্কার পাওয়া এমন এক সম্মান, যা আমি সারাজীবন হৃদয়ে ধারণ করে রাখব।”তিনি আরও বলেন, “গত ১৪ বছর ধরে আমি শুধু আমার কাজের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি এবং চেয়েছি আমার অভিনয়ই যেন আমার হয়ে কথা বলে। এই সম্মান আমার আশা, অধ্যবসায় এবং সিনেমার প্রতি অটল ভালোবাসার প্রতিফলন। বহু বছর ধরে লালন করা একটি স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে।”
ইয়ামির ভাষ্য, ‘আর্টিকেল ৩৭০’ তাঁর কাছে শুধু একটি সিনেমা ছিল না, বরং একটি বিশ্বাসের গল্প। তিনি বলেন, “এই ছবিটি আমাদের নিজস্ব প্রযোজনায় নির্মিত হওয়ায় স্বীকৃতিটি আমার কাছে আরও বেশি আবেগের। শুটিংয়ের প্রতিটি দিন এবং প্রতিটি চ্যালেঞ্জে আমাদের একটাই লক্ষ্য ছিল—সততার সঙ্গে গল্পটি দর্শকের সামনে তুলে ধরা।”উল্লেখ্য, ‘আর্টিকেল ৩৭০’ ছবিটি নির্মিত হয়েছে ইয়ামি গৌতমের স্বামী, প্রযোজক-পরিচালক আদিত্য ধরের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে। ফলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এই সাফল্য ইয়ামির কাছে শুধু পেশাগত অর্জন নয়, ব্যক্তিগত জীবনেও এক বিশেষ আবেগ ও গর্বের উপলক্ষ হয়ে উঠেছে।


