সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

যন্তর মন্তরে ফের বিক্ষোভ, সতর্ক অবস্থানে দিল্লি পুলিশ

নিজস্ব প্রতিবেদক

নয়াদিল্লি: ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর পুনর্দখল করেছে সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এ পরিস্থিতিতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) সদস্য মোতায়েন করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার দিনব্যাপী বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের পর যন্তর মন্তর থেকে বিক্ষোভকারীদের মঞ্চ ও তাঁবু সরিয়ে দেওয়া হয়। তবে মঙ্গলবার ভোর থেকেই আন্দোলনকারীরা আবারও সেখানে জড়ো হয়ে স্থানটি পুনর্দখল করেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।সোমবার ‘সংসদ চলো’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে আসেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা সংসদ ভবনের খুব কাছাকাছি পৌঁছে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ১০০ জনের বেশি পুলিশ সদস্য এবং ৬০ জনের বেশি বিক্ষোভকারী আহত হন।

দিল্লি পুলিশ জানিয়েছে, সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এবং অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।এক বিবৃতিতে দিল্লি পুলিশ দাবি করেছে, বিক্ষোভকারীরা ‘বেপরোয়া, আক্রমণাত্মক ও সহিংস’ আচরণ করেছেন। বারবার সতর্কবার্তা ও আইনানুগ নির্দেশনা দেওয়া হলেও তারা তা অমান্য করেন। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, ‘সংসদ চলো’ কর্মসূচিতে দিল্লি পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে, যাতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিকে সোমবার বিকেলে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা তাঁর বাসভবনে সিজেপির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি আন্দোলনকারীদের দাবি শোনেন এবং বিক্ষোভ বন্ধ করার আহ্বান জানান।সিজেপির পক্ষ থেকে তিনটি দাবি তুলে ধরা হয়। এগুলো হলো— সোনাম ওয়াংচুকের অবাধ চলাচল নিশ্চিত করা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট-২০২৬ প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারের জন্য এক কোটি রুপি ক্ষতিপূরণ।

বৈঠক শেষে সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, মন্ত্রী বিষয়গুলো যথাযথ পর্যায়ে আলোচনার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়নি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত