সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

স্কুল থেকে অপহৃত শিশুকে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় স্কুল থেকে অপহৃত সাত বছর বয়সী এক শিশুকে শ্বাসরুদ্ধকর অভিযানে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএমের সার্বিক দিকনির্দেশনায় এবং রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, পিপিএম-এর তত্ত্বাবধানে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।

উদ্ধার হওয়া শিশুর নাম ওয়াসিফা জান্নাত তাসকিন (৭)। সে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পশ্চিম সরফভাটা এলাকার ইমাম আজম আবু হানিফা (রহ.) স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী।পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ জুলাই সকালে প্রতিদিনের মতো স্কুলে যায় ওয়াসিফা। ছুটির পর বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে এক সহপাঠীর কাছ থেকে জানা যায়, এক ব্যক্তি নিজেকে সিএনজি চালক পরিচয় দিয়ে শিশুটিকে জানায় যে, তার বাবা হাসপাতালে ভর্তি এবং তাকে বাবার কাছে নিয়ে যেতে এসেছে। এই কৌশলে শিশুটিকে সিএনজিতে তুলে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে।তথ্যপ্রযুক্তির সহায়তা, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং ধারাবাহিক গোয়েন্দা তৎপরতার মাধ্যমে অভিযান চালিয়ে মো. রাকিব (২২), মো. ফয়সাল (৩২) এবং মো. জাহাঙ্গীর আলম (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকেই অপহৃত শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয় এবং অপহরণে ব্যবহৃত সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার হওয়া মো. ফয়সাল ভুক্তভোগী শিশুর বাবার আপন মামাতো ভাই। তিনি পূর্বপরিকল্পিতভাবে শিশুটিকে অপহরণ করে পরিবারের কাছ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন। এ কাজে তিনি পরিচিত দুই সিএনজি চালককে যুক্ত করেন এবং মুক্তিপণের টাকা ভাগ করে দেওয়ার আশ্বাস দেন।গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, শিশু অপহরণসহ যেকোনো গুরুতর অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত