সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

২৭ জুলাই থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

নিজস্ব প্রতিবেদক

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ সময়সূচি ঘোষণা করেছে। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম।ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি ও বেসরকারি—উভয় মাধ্যমেই সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। তবে এর আগে হজযাত্রীদের ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।

প্রাথমিক নিবন্ধিতদের চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে হজ প্যাকেজের অবশিষ্ট অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।সরকারি মাধ্যমে হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেম (hajj.gov.bd)-এ ইউজার তৈরি করে নিজেই নিবন্ধন করতে পারবেন। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, বায়তুল মোকাররম অফিস এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধনের সুযোগ থাকবে।সরকারি মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে টাকা জমা দিয়ে নিবন্ধন করা যাবে। অন্যদিকে বেসরকারি মাধ্যমে হজযাত্রীদের সংশ্লিষ্ট হজ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে অর্থ জমা দিতে হবে|

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। এছাড়া গুরুতর হৃদরোগ, ফুসফুস, লিভার বা কিডনি রোগ, স্নায়বিক ও মানসিক জটিলতা, ডিমেনশিয়া, কেমোথেরাপি বা রেডিওথেরাপি চলমান ক্যান্সার রোগী এবং যক্ষ্মা বা হেমোরেজিক ফিভারের মতো সংক্রামক রোগে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাস বা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় থাকা নারীরাও হজের জন্য ফিটনেস সনদ পাবেন না।প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরণ এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদসম্পন্ন পাসপোর্ট থাকতে হবে।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত