
সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালানোর অভিযোগে ইরানে প্রকাশ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ভোরে ইস্ফাহানের আলি খানি স্কয়ারে আব্দুলফজল সিপাহী বাদজানি ও আমিরহোসেন সাফারি হোসেইনাবাদীকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়।যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, গত বছরের শেষ দিকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন ৭ ও ৮ জানুয়ারি তীব্র রূপ নেয়। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানের পাশাপাশি বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়।
ইরান সরকারের অভিযোগ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন ইস্ফাহানের বিক্ষোভে অংশ নিয়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে প্রাণঘাতী সহিংসতা, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার এবং নিহতদের মরদেহে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ছিলেন। একই ঘটনায় মোট ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।অন্যদিকে, এইচআরএএনএ দাবি করেছে, অভিযুক্তদের আইনজীবীদের মামলার নথিতে পূর্ণাঙ্গ প্রবেশাধিকার দেওয়া হয়নি এবং তাদের স্বজনদের কাছেও সম্পূর্ণ রায় প্রকাশ করা হয়নি।


