
জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে মঙ্গলবার ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুমামোতো জেলায় এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে এবং সব ধরনের সক্ষমতা কাজে লাগানো হয়েছে।
ভূমিকম্পে কুমামোতো জেলার ৩৬ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। সড়কগুলোতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে এবং প্রায় এক ঘণ্টা পর একটি শপিং মলে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখানে দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বড় ধরনের আফটারশকের আশঙ্কায় অনেক বাসিন্দা এখনও আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।


