
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব দীর্ঘদিন ধরেই নাটকের দর্শকদের কাছে পরিচিত মুখ। ক্যারিয়ারে তিনি সমসাময়িক প্রায় সব জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। অন্যদিকে অভিনয়ে নিজের পথচলা শুরু করেছেন মালাইকা চৌধুরী। বড় বোন মেহজাবীন চৌধুরীর অনুপ্রেরণায় ধীরে ধীরে অভিনয়ে নিজেকে গড়ে তুলছেন তিনি।এবার প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে তৌসিফ মাহবুব ও মালাইকা চৌধুরীকে। তাদের নতুন নাটকের নাম ‘ রাজ্যে তুআমারমি’। নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। ভালোবাসা, ভাগ্য এবং সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত এ নাটকটি শিগগিরই ক্যাপিটাল ড্রামা-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
নাটকে তৌসিফ ও মালাইকার পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল।নাটকটি প্রসঙ্গে পরিচালক মাসরিকুল আলম বলেন, এটি এমন কিছু মানুষের গল্প, যারা একে অপরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। সম্পর্কের জটিলতা এবং বিচ্ছেদের পর মানুষের মানসিক পরিবর্তনই গল্পটির মূল উপজীব্য।তিনি বলেন, “আমি চেয়েছি দর্শক শুধু একটি সম্পর্ক নয়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরে কী ঘটে, সেটাও অনুভব করুক। আশা করি নাটকটি শেষ হওয়ার পরও এর চরিত্রগুলো দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।”
অভিনেতা তৌসিফ মাহবুবও নাটকটি নিয়ে আশাবাদী। তিনি জানান, গল্পটি পরিচিত আবহের হলেও এর উপস্থাপনায় রয়েছে ভিন্নতা। একই সঙ্গে মালাইকা চৌধুরীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতাও তার কাছে ইতিবাচক। দর্শক তাদের নতুন রসায়ন উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।নতুন এই নাটকের মাধ্যমে মালাইকা চৌধুরীর অভিনয়জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে। এখন দর্শকদের অপেক্ষা, কবে ইউটিউবে মুক্তি পাবে ‘আমার রাজ্যে তুমি’।


