
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক এ অর্জনে উচ্ছ্বসিত বুবলী সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বুবলী লিখেছেন, “নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেয়ালের দেশ’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে সত্যি আমি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ বোধ করছি। এই স্বীকৃতি শুধু আমার একার নয়, এই যাত্রার অংশ হওয়া প্রতিটি মানুষের।”
পুরস্কারের নেপথ্যে থাকা পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “‘দেয়ালের দেশ’ সিনেমার পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক দলসহ পর্দার পেছনের সব কলাকুশলীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অদম্য পরিশ্রম, উৎসর্গ ও বিশ্বাসের কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।”এছাড়া উৎসবের আয়োজক, নিজের পরিবার, বন্ধু এবং ক্যারিয়ারের শুরু থেকে যারা পাশে ছিলেন, তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এই অভিনেত্রী।
দর্শকদের উদ্দেশে বুবলী বলেন, “আমার দর্শকদের জানাই বিশেষ ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও অবিরাম সমর্থন আমাকে প্রতিটি অভিনয়ে আরও শেখার, নতুনভাবে বেড়ে ওঠার এবং সেরাটা দেওয়ার অনুপ্রেরণা জোগায়। এই পুরস্কারটি আমার জন্য যেমন আশীর্বাদের, তেমনই এক বড় দায়িত্ব।”তিনি আরও জানান, ভবিষ্যতে আরও ভালো গল্প ও অবিস্মরণীয় চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবেন।উল্লেখ্য, ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এবার সেই অভিনয়ের স্বীকৃতি আন্তর্জাতিক অঙ্গনেও মিলল। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জনের মধ্য দিয়ে দেশের চলচ্চিত্রকে নতুনভাবে বিশ্বদরবারে তুলে ধরলেন এই জনপ্রিয় অভিনেত্রী।


