
বলিউডে অভিষেক হয়েছিল ব্যবসাসফল সিনেমা ‘ভিকি ডোনর’ দিয়ে। কিন্তু প্রথম ছবির সাফল্যও অভিনেত্রী ইয়ামি গৌতমের ক্যারিয়ারকে সহজ করতে পারেনি। কাঙ্ক্ষিত চরিত্র না পাওয়া, বারবার প্রত্যাখ্যাত হওয়া এবং ‘বহিরাগত’ পরিচয়ের কারণে দীর্ঘদিন সংগ্রাম করতে হয়েছে তাকে। একপর্যায়ে অভিনয় ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশে ফিরে নতুন জীবন শুরু করার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি।সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেন ইয়ামি।
২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। ছবিটি বক্স অফিসে সফল হলেও পরবর্তী সময়ে ‘প্রথাগত নায়িকা’ হিসেবে জায়গা না পাওয়ায় সীমিত ধরনের চরিত্রের প্রস্তাবই আসতে থাকে। এতে ধীরে ধীরে হতাশ হয়ে পড়েন এই অভিনেত্রী।ইয়ামি জানান, ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির ঠিক আগে তিনি অভিনয়জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হিমাচল প্রদেশে পরিবারের কৃষিজমিতে ফিরে গিয়ে সম্পূর্ণ নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন।
তিনি বলেন, “ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটা জীবন শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মা ভীষণ সমর্থন করেছিলেন। তারা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।’”তবে ভাগ্যের মোড় ঘুরে যায় খুব দ্রুতই। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং পরে ‘বালা’ সিনেমার সাফল্য ইয়ামির ক্যারিয়ারে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। পরপর দুটি সফল সিনেমা তাকে বলিউডে শক্ত অবস্থান গড়ে তুলতে সহায়তা করে।
সাক্ষাৎকারে বলিউডে ‘বহিরাগত’ হিসেবে কাজ করার অভিজ্ঞতাও তুলে ধরেন ইয়ামি। তার ভাষ্য, তারকাসন্তানেরা একাধিকবার ব্যর্থ হলেও নতুন সুযোগ পান, কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের একজন শিল্পীর জন্য একটি ভালো সুযোগও পাওয়া কঠিন।তিনি বলেন, “কঠিন বিষয়টা শুধু বহিরাগত হওয়া নয়। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হতো। অনেক সময় মনে হতো, যে সুযোগের জন্য আমি প্রস্তুত, সেটি এমন কাউকে দেওয়া হচ্ছে, যে আগে থেকেই এই ইন্ডাস্ট্রির অংশ। তখন ভাবতাম, আমাকেও যদি এত সুযোগ দেওয়া হতো, তাহলে আমিও কি আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারতাম না?”
তবে বর্তমানে বলিউডে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি গৌতম। তার মতে, এখন দর্শক একজন শিল্পী কোথা থেকে এসেছেন, তার চেয়ে বেশি গুরুত্ব দেন অভিনয়ের দক্ষতা ও কাজের মানকে।তিনি বলেন, “এখন দর্শক দেখেন আপনি ভালো অভিনেতা কি না, আপনার ছবি দেখার মতো কি না এবং আপনার কাজের ওপর তারা ভরসা করতে পারেন কি না। এই পরিবর্তন আগামী প্রজন্মের জন্য আমাকে আশাবাদী করে।”উল্লেখ্য, দীর্ঘ সংগ্রামের পথ পেরিয়ে বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের একজন ইয়ামি গৌতম। সামনে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে দেখা যাবে তাকে।


