মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
spot_img

গ্ল্যামার ছেড়ে বাগানে জয়া

নিজস্ব প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান শুধু অভিনয় দিয়েই নয়, সাধারণ জীবনযাপন ও প্রকৃতিপ্রেমের জন্যও বরাবরই প্রশংসিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, গ্ল্যামারাস পর্দার বাইরে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। মেকআপহীন, সাদামাটা পোশাকে খালি পায়ে নিজের বাগানে কৃষিকাজ করতে দেখা গেছে তাকে।ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাগানে কোদাল হাতে মাটি কুপিয়ে জমি প্রস্তুত করছেন জয়া। একজন সহায়তাকারীর সঙ্গে মিলে গোবর সার মিশিয়ে গাছ লাগানোর জন্য মাটি তৈরি করছেন তিনি। কাজের ফাঁকে নিজের বাগানের বিভিন্ন গাছও দর্শকদের দেখান। জানান, সেখানে জবা, ঘুমন্ত জবাসহ নানা ধরনের ফুল ও গাছ রয়েছে।

পর্দার ঝলমলে জীবনের বাইরে এমন সহজ-সরল জীবনধারা দেখে নেটিজেনরা মুগ্ধ। ভিডিওটির মন্তব্যের ঘরে অনেকেই তাকে ‘মাটির মানুষ’ বলে অভিহিত করেছেন। কেউ লিখেছেন, ‘মাটির সঙ্গে বন্ধুত্ব, এটা সত্যিই সুন্দর।’একজন ভক্ত মন্তব্য করেন, ‘কোদাল দিয়ে কাজ করলে মনে হয় বয়স ধরে রাখা সম্ভব।’ আরেকজন লেখেন, ‘সুন্দর আর স্লিম থাকার রহস্যই হলো কাজ করা।’ কেউ কেউ আবার রসিকতার ছলে লিখেছেন, ‘আর আমাদের কিছু সখিনা আছে, তারা নিজেদের পরিবারের রান্না করার জন্যও বাহানা খোঁজে।’

জয়া আহসান দীর্ঘদিন ধরেই নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখার জন্য আলোচনায় রয়েছেন। তবে তার ফিট থাকার রহস্য কঠোর জিম বা কঠিন ডায়েট নয়, বরং নিয়মিত কায়িক পরিশ্রম।এর আগে ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয়া জানিয়েছিলেন, নিয়মিত জিম করার প্রতি তার খুব একটা আগ্রহ নেই। নতুন কোনো সিনেমার শুটিংয়ের আগে প্রয়োজন অনুযায়ী পিলাটিজ বা শরীরচর্চা করলেও দৈনন্দিন জীবনে কায়িক শ্রমকেই বেশি গুরুত্ব দেন তিনি।

জয়ার ভাষায়, “জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।”প্রকৃতির সঙ্গে মিশে থাকা এই জীবনধারা এবং নিজের হাতে গাছের পরিচর্যা করার অভ্যাসের কারণেই জয়া আহসানকে অনেকেই অনুপ্রেরণার প্রতীক হিসেবে দেখছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত