সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

অভিনয়ে নতুন, তবু দর্শকের ভালোবাসায় মুগ্ধ মালাইকা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

বিনোদন ডেস্ক: ছোট পর্দার সম্ভাবনাময়ী অভিনেত্রী মালাইকা চৌধুরী নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’ নিয়ে দর্শকের সামনে আসছেন। নাটকটিতে প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। নাটকটি শিগগিরই মুক্তি পাবে।নাটক প্রসঙ্গে মালাইকা বলেন, এতে তার চরিত্রের নাম সাদিয়া জাহান বৃষ্টি। তবে মুক্তির আগে চরিত্র সম্পর্কে বিস্তারিত বলতে না চাইলেও তিনি জানান, এটি প্রচলিত রোমান্টিক গল্পের বাইরে ভিন্নধর্মী একটি গল্প।

তার ভাষায়, “এটি খুব সুন্দর একটি গল্প। গতানুগতিক কোনো প্রেমের গল্প নয়, এতে বেশ গভীরতা আছে। আশা করি দর্শকরা গল্পটির সঙ্গে নিজেদের মিল খুঁজে পাবেন এবং চরিত্রগুলো মনে রাখবেন।”তৌসিফ মাহবুবের সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন মালাইকা। তিনি বলেন, “তৌসিফ ভাইয়া অনেক হেল্পফুল, ফ্রেন্ডলি এবং কো-অপারেটিভ। আমি অভিনয়ে নতুন। চরিত্র বোঝা, ডায়লগ ডেলিভারি ও অভিনয়ের নানা বিষয়ে তিনি আমাকে সহযোগিতা করেছেন। তার সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে।”

বিজ্ঞাপনের মডেল হিসেবে শোবিজে যাত্রা শুরু করে এখন নাটকে নিয়মিত অভিনয় করছেন মালাইকা। দর্শকের ভালোবাসাকে নিজের সবচেয়ে বড় প্রাপ্তি বলে উল্লেখ করে তিনি বলেন, “দর্শকদের এত ভালোবাসা পাচ্ছি, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমি চাই আরও ভালো কাজের মাধ্যমে তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে।”অভিনয়ে বড় বোন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সহযোগিতার কথাও জানান তিনি। মালাইকার ভাষায়, নতুন কোনো কাজের প্রস্তাব পেলেই তিনি প্রথমে মেহজাবীনের সঙ্গে আলোচনা করেন। স্ক্রিপ্ট পড়া, চরিত্র বিশ্লেষণ, এমনকি ডায়লগ ডেলিভারির মতো সূক্ষ্ম বিষয়েও মেহজাবীন তাকে পরামর্শ দেন।

পরিবারের সমর্থন নিয়েও আবেগঘন অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি জানান, তার অভিনীত নাটক মুক্তির দিন পরিবারের সবাই একসঙ্গে বসে নাটক দেখেন। বিশেষ করে বাবা-মায়ের উৎসাহ তাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মালাইকা চৌধুরী। তাই পড়াশোনা ও অভিনয়—দুই দিকই সামলাতে হচ্ছে তাকে।

তিনি বলেন, এখন কম কাজ করলেও ভালো গল্প, শক্তিশালী চরিত্র এবং মানসম্মত নির্মাণ পেলে অবশ্যই অভিনয় করবেন।ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মালাইকা বলেন, “এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে দর্শক যেহেতু ভালোবাসছেন, তাই ধীরে ধীরে অভিনয় চালিয়ে যেতে চাই এবং ভালো কাজের মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করতে চাই।”

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত