
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে জোরারগঞ্জ হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মঘাদিয়া পিরশা জামে মসজিদের খতিব জয়নাল আবেদীন (৩৮) এবং মোয়াজ্জেম জহির হোসেন (৫৬)।
স্থানীয়রা জানান, ড্রামবোঝাই একটি বেপরোয়া গতির পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী রাস্তায় পড়ে গেলে পিকআপটি তাদের চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া পিকআপটি শনাক্ত ও চালককে আটকের জন্য পুলিশের একটি টিম কাজ করছে।তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


